বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত ও বৃষ্টিতে ফেরিঘাট পন্টুনের রাস্তা কাদায় পিচ্ছিল হয়ে যাওয়ায় ভোগান্তি বাড়ছে।গতকাল শনিবার বিকাল থেকে বৈরী আওহাওয়ায় সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রাত দশটা পর্যন্ত ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় গত রাত থেকেই এ নৌরুটে তীব্র যানজট দেখা দেয়।

এতে করে আজ রোববার সকালে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ৫ শতাধিক যানবাহন।

তবে অপেক্ষামান যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়িগুলো অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপার করা হচ্ছে। যে কারণে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ পণ্যবাহী ট্রাক চালক ও শ্রমিকেরা। তবে জরুরি পণ্যবাহী ট্রাক পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানান ফেরিঘাট সংশ্লিষ্টরা।

এ বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাট শাখার সহকারী ব্যাবস্থাপক আবু আবদুল্লাহ।

তিনি জানান, কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। যে কারণে ঢাকামুখী অপেক্ষামান যানবাহনের সংখ্যা বাড়তে থাকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়।

এদিকে নৌরুটে ছোট বড় মিলে ১৬টি ফেরি রয়েছে। এর মধ্যে একটি ফেরি বিকল থাকায় বাকি ১৫টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে বলেও জানান আব্দুল্লাহ।

তিনি আরো জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে ফেরিঘাটের পন্টুন থেকে মূল সড়কে উঠা-নামার রাস্তায় কাদায় পিচ্ছিল হয়ে যাওয়ায় ফেরি লোড-আনলোড করতে অতিরিক্ত সময় লাগছে। যে কারণে ফেরির ট্রিপ কম হচ্ছে।