বরগুনার তালতলী উপজেলার ছোটবগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের ছাদের বিম ধসে মানসুরা নামের এক ছাত্রী নিহত ও ৯ জন আহত হয়েছে। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার দুপুরে।
জানা গেছে, উপজেলার ৫ নম্বর ছোটবগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০২ সালে আমতলী উপজেলা প্রকৌশলী বিভাগ স্কুল ভবন নির্মাণ করে। ভবন নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সেতু এন্টারপ্রাইজ। নির্মাণের পাঁচ বছরের মাথায় ভবনের বিমে ফাটল ধরে পলেস্তারা খসে পড়ে। ২০১৬ সালে বিদ্যালয়ের ভবনটি জরাজীর্ণ তালিকায় অন্তর্ভুক্ত হয়। বিদ্যালয় প্রধান শিক্ষিকা শাকেরিন জাহান ভবনের জরাজীর্ণ অবস্থা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মনিরুজ্জামান রিপনকে অবহিত করেছেন। কিন্তু প্রাথমিক শিক্ষা অফিসার জরাজীর্ণ ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা না করে ক্লাস চালিয়ে নেয়ার আদেশ দেন। শনিবার দুপুর সাড়ে ১২টায় তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের ক্লাস চলার সময় ওই কক্ষের ছাদের বিম ভেঙে শিক্ষার্থীদের মাথায় পড়ে। এতে ১০ শিক্ষার্থী মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগে আহত হয়। গুরুতর আহত মানসুরা, সাদিয়া, ইসমাইল ও রুমাকে দ্রুত উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ছুরিকাটা নামক স্থানে আহত মানসুরার মৃত্যু হয়।