বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা) রামগঞ্জ দুগ্ধ কারখানা স্থানান্তরের প্রতিবাদে উপজেলার অর্ধশত দুগ্ধ খামারি সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। গতকাল সকালে রামগঞ্জ পৌর শহরের কমরদিয়া মিল্ক ভিটা কারখানার সামনে খামারিরা ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ করেন।
মিল্ক ভিটা রামগঞ্জ দুগ্ধ কারখানা সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের উপসচিব মো: শামছুল আলম স্বাক্ষরিত স্থানান্তর-সংক্রান্ত একটি চিঠি রামগঞ্জ উপজেলা দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে প্রেরণ করা হয়। চিঠিতে উপজেলা দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের ফার্মকুলার ও জেনারেটর পাংশা উপজেলায় স্থানান্তর করার জন্য নির্দেশ দেয়া হয়।
এ ঘটনা ছড়িয়ে পড়লে রামগঞ্জ উপজেলার অর্ধশত দুগ্ধ খামারি শুক্রবার ভোর থেকে রামগঞ্জ উপজেলা দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের সামনে জড়ো হন। সকাল সাড়ে ১০টায় এ-সংক্রান্ত একটি চিঠি নিয়ে ঢাকা থেকে মিল্ক ভিটার সিনিয়র তত্ত্ব¡াবধায়ক মান্নাফ আহম্মেদসহ চারজন কর্মকর্তা ট্রাকে ঘটনাস্থলে এলে খামারিদের তোপের মুখে পড়েন।