বরযাত্রী যাচ্ছিল কনের বাড়ি; কিন্তু পথিমধ্যে বেরসিক গ্রামবাসী দিল তাদের পিটুনি। তবে তাতে পণ্ড হয়নি বিয়ে। প্রাথমিক চিকিৎসা শেষে সম্পন্ন করা হয়েছে বিয়ের কাজ। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথা ভাংগা এলাকায় বরসহ পনের বরযাত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে । গত শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। এদের মধ্যে আহত সাতজনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মুসাপুর গ্রামের তোফজ্জল মিয়া তার ছেলের বিয়ের বর যাত্রী নিয়ে ইমামপুর গ্রামে যাওয়ার সময় মাথাভাংগা এলাকায় বরযাত্রীবাহী মিনি বাসের সাথে স্থানীয় আমজাদ মিয়ার সিএনজির ধাক্কা লাগে। এ নিয়ে বিতর্কের এক পর্যায়ে কয়েকজন বরযাত্রী মিলে সিএনজি চালক আমজাদকে পিটিয়ে আহত করে। পাশ্ববর্তী মাথাভাংগা গ্রামের বাসিন্দা আমজাদ। তাকে পেটানোর খবর মাথাভাংগা গ্রামে পৌছলে গ্রামবাসী মিলে পিটিয়ে বরসহ পনের বরযাত্রীকে পিটিয়ে আহত করে।
বরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ্য করার পর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানান স্থানীয় ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহম্মেদ খান জিন্নাহ। গজারিয়া থানার এস আই হাফিজুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।



