রাজশাহীর বাগমারায় গত মঙ্গলবার সন্ধ্যায় এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কামরুল ইসলাম (৩৮)। তিনি উপজেলার বড় বিহানালী ইউনিয়নের মোরালীপাড়া কুলিবাড়ি গ্রামের চান মিয়ার ছেলে। গতকাল বুধবার পুলিশ নিহত কামরুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, কামরুল ইসলাম গত মঙ্গলবার বিকেলে মোটরসাইকেলে বড় বিহানালী বাজারে যান। সন্ধ্যার আগ পর্যন্ত তিনি ওই বাজারেই ছিলেন এবং বন্ধুদের সাথে আড্ডা দিয়েছেন। তবে রাত ৮টা পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় কামরুলের মোবাইল ফোনটিও বন্ধ থাকায় তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে বুধবার সকাল ১০টায় বিলসুতি বিলের মধ্য দিয়ে চলে যাওয়া রাস্তার পাশে বোরোক্ষেতের মধ্যে কামরুল ইসলামের গলাকাটা লাশ দেখতে পান স্থানীয় লোকজন।
বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন, কামরুল ইসলাম একজন কৃষক শ্রেণীর লোক এবং রাজনৈতিকভাবে তিনি বিএনপির সমর্থক ছিলেন। কী কারণে তিনি খুন হয়েছেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।