আগামী ৫ মে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সূত্র অনুযায়ী স্থগিত ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন সংক্রান্ত হাইকোর্ট বিভাগের আদেশ অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালিকা সংশোধন, ব্যালট পেপার মুদ্রণ ও অন্য কার্যক্রম গ্রহণপূর্বক ৫ মে ভোট গ্রহণের দিন ধার্য করা এবং চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
উল্লেখ্য, ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবদুল মতিন সরকারের ছেলে শহীদুল ইসলাম দি ফারমার্স ব্যাংক লিমিটেড ময়মনসিংহ শাখা থেকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের নামে ২০১৬ সালের ৭ আগস্ট দুই কোটি টাকা ঋণ নেন। যার জামিনদার হন বাবা আবদুল মতিন। গেল বছরের ৭ আগস্টের মধ্যে ঋণ পরিশোধের শর্ত থাকলেও তা করা হয়নি ও যা সুদ-আসলে দুই কোটি ২৯ লাখ ৮১ হাজার ২৯৭ টাকা হয়েছে। নির্ধারিত সময়ে পরিশোধিত না হওয়ায় ঋণ খেলাপির অভিযোগে ২০ মার্চ উচ্চ-আদালতে রিট করেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইকবাল হোসেন। রিট আবেদনের প্রাথমিক শুনানির পর ২৭ মার্চ বুধবার ছেলের ঋণখেলাপির দায়ে বাŸা আবদুল মতিন সরকারের প্রার্থিতা বাতিল ও চেয়ারম্যান পদে ছয় মাসের জন্য নির্বাচন স্থগিতের আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ। আদালতের রায়ের স্থগিতাদেশ চেয়ে ২৮ মার্চ মতিন সরকার চেম্বার জজ আদালতে বিচারপতি ইমান আলীর বেঞ্চে আবেদন করেন। ৪ এপ্রিল পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করলে গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয়। এতে শুনানিতে মতিন সরকারের প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই মর্মে রায় প্রদান করে রিট আবেদনটি খারিজ করে দেয়।
স্বতন্ত্র প্রার্থীর আপিলের পরিপ্রেক্ষিতে ৩১ মার্চ ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নির্বাচন স্থগিত ঘোষণা করে কমিশন। হাইকোর্টের ওই আদেশের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চেয়ারম্যানসহ সব পদের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করে ময়মনসিংহ জেলা ও উপজেলা নির্বাচন অফিসে চিঠি প্রেরণ করে নির্বাচন কমিশন। কমিশনের আদেশের পরিপ্রেক্ষিতে আগামী ৫ মে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।