ঢাকার নবাবগঞ্জে দুর্বৃত্তের হাতে গোবিন্দ রাজবংশী (৫০) নামে কাপড়ের ব্যবসায়ী খুন হয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দিকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত গোবিন্দ রাজবংশী উপজেলা বান্দুরা ইউনিয়নের বারদোয়ারী গ্রামের হরমোহন রাজবংশীর ছেলে। পেশায় তিনি বান্দুরা বাজারে মাছ ও কাপড়ের ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা গোবিন্দকে হত্যা করে কোঠাবাড়ির চকে ফেলে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যা। নিহতের মুখের ভেতর টিস্যু পেপার ঢোকানো ছিল। বুকে, হাতে, পায়ে ক্ষত চিহ্ন রয়েছে।
নিহতের স্ত্রী সাগরিকা রাজবংশী বলেন, আমার স্বামীর সাথে কারো কোনো ঝগড়া বিবাদ ছিল না। কিছুদিন আগে আমার স্বামী কোঠাবাড়ি চকে দেওয়ান আক্তারের দুটি ডাঙ্গা মাছ চাষের জন্য ভাড়া নিয়েছিলেন। ডাঙ্গা দেখাশোনার জন্য লোকও রাখা হয়েছিল। কিন্তু তারা বাড়িতে বেড়াতে যাওয়ার ফলে বুধবার সন্ধ্যায় সে ডাঙ্গা পাহারা দিতে চকে আসে। রাত ৯টার দিকে আমার সাথে তার শেষ কথা হয়। এর পরে আর কোনো কথা হয়নি।