চিকিৎসক, কর্মচারী, চিকিৎসা সরঞ্জাম সঙ্কটে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। এতে উপজেলার প্রায় পাঁচ লাখ লোকের একমাত্র সরকারি চিকিৎসাকেন্দ্রে সেবা আশানুরূপ পাওয়া যাচ্ছে না।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এটি ৩১ শয্যার হাসপাতাল। রোগী ভর্তি থাকেন ২৮ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০টি চিকিৎসক পদের মধ্যে ছয়টি পদই শূন্য। কর্মরত আছেন চারজন।
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আটটি পদের মধ্যে ছয়টি পদই শূন্য রয়েছে। কাগজে-কলমে কর্মরত আছেন দু’জন। গত রোববার সরেজমিন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, ২৪ জনের মধ্যে পাঁচজন চিকিৎসক কর্মরত।
জানা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: শংকর সাহা ছুটিতে রয়েছেন।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট ডা: মেহেদী হাসান জানান, চিকিৎসক সঙ্কটে ইনডোর ও বহির্বিভাগে রোগী বেশি হওয়ায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা: ইসমাইল হোসেন জানান, ৩১ শয্যা হাসপাতালে রোগী ভর্তি ২৮ জন। চিকিৎসক কম রোগী বেশি। কর্মরত চিকিৎসক পাঁচজন। ছুটিতে দু’ জন, প্রেষণে দু’জন। ২৪টি পদের মধ্যে শূন্য রয়েছে ১৪টি। তিনি জানান, শিগগিরই চিকিৎসক নিয়োগ দেয়া প্রয়োজন।
চাঁদপুরের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: এ কে এম মাহবুবুর রহমান জানান, পর্যায়ক্রমে লোকবল আসবে। তবে চিকিৎসক সঙ্কটের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন।