২০১৬ সালে প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে বান্দরবান সদরের গোয়ালিয়াখোলা এলাকায় সাঙ্গু নদীর উপর পিসি গার্ডার ব্রিজ নির্মাণকাজের উদ্বোধন করেছিলেন পার্বত্য মন্ত্রণালয়ের তৎকালীন প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। চুক্তি অনুযায়ী ২০১৭ সালে ব্রিজটির নির্মাণ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্মাণ শুরুর আড়াই বছরেরও বেশি সময় অতিক্রান্ত হলেও এখনো ব্রিজের অর্ধেক কাজ সম্পন্ন হয়নি। জনগুরুত্বপূর্ণ এই ব্রিজটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ায় মঙ্গলবার ওই এলাকা পরিদর্শনে যান পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। একই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব নেয়ার পর ব্রিজটি উদ্বোধন করতে না পারায় ক্ষুব্ধ তিনি। বান্দরবানের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে গোয়ালিয়াখোলার ব্রিজটি বীর বাহাদুরের কাছে অগ্রাধিকার প্রকল্পের একটি। ব্রিজের নির্মাণ পরিদর্শনের সময়ে স্থানীয়রা মন্ত্রীর কাছে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় মন্ত্রী সংশ্লিষ্টদের দ্রত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার নির্দেশ দেন। সেই সাথে ঠিকাদারি প্রতিষ্ঠানকে শওকোজ করারও জন্য বলেন মন্ত্রী। খোঁজ নিয়ে জানা গেছে পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ব্রিজটির নির্মাণকাজ শুরু করে। রেইছা গোলালিয়াখোলা সড়কের ৭ কিলোমিটার অংশে সাংঙ্গু নদীর ওপর ২২০ মিটার পিসি গার্ডার ব্রিজটির চুক্তি মূল্য ধরা হয় ১২ কোটি ৬১ লাখ ৫৮ হাজার টাকা। ২০১৭ সালের সেপ্টেম্বরে ব্রিজটির নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। ঠিকাদারি প্রতিষ্ঠান শেখ হেমায়েত আলী ও ইউটি মং ব্রিজটির নির্মাণকাজ শুরু করে ২০১৬ সালে। বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবু তালেব জানিয়েছেন ব্রিজটির নির্মাণকাজ পিছিয়ে গেলেও ইতোমধ্যে ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ঠিকাদারদের আর্থিক সমস্যাসহ নানা কারণে মূলত নির্মাণকাজ ধীরগতি হয়েছে। বাকি কাজ আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে তিনি আশা করছেন।