বেড়া উপজেলার আমিনপুর থানার সিংহাসন গ্রামে বিদেশ ফেরত নুরুজ্জামান (২৮) নামের এক যুবককে গলা কেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার ভোর রাত চারটার দিকে নিজ বাড়ির পার্শ্ববর্তী বাগান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
নিহত নুরুজ্জামান উপজেলার আমিনপুর থানার সিংহাসন গ্রামের কাবিল প্রামানিকের ছেলে। এঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে।
আমিনপুর থানা সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে সিংগাপুর থেকে দেশে ফিরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেয় নুরুজ্জামান। শনিবার মাগরিবের নামাজের পর বাড়ী থেকে বের হয়ে রাতে বাড়ী না ফেরায় পরিবারের লোকজন নুরুজ্জামানকে খোঁজ শুরু করে। এক পর্যায়ে ভোররাত চারটার দিকে বাড়ীর পার্শ্ববর্তী বাগানে গলা কাটা অবস্থায় তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আমিনপুর থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, নিখোঁজ হবার পর পুলিশ তাকে খুঁজে বের করতে মাঠে নামে। পরে তার লাশ পাওয়া যায়। লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, প্রাথমিক সুরতহালে লাশটি গলাকাটা ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কারা কি কারণে তাকে হত্যা করেছে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



