মাদারীপুরের কালকিনিতে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে জহিরুল ইসলাম জোক্কা (৪৫) একজন নিহত হয়েছেন। গত সোমবার মধ্যরাতে কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের উত্তর চরাইকান্দি এলাকা থেকে জহিরুল ইসলাম জোক্কার লাশ উদ্ধার করেছে মাদারীপুর র্যাব-৮।
মাদারীপুর র্যাব-৮ জানায়, সোমবার মধ্যেরাতে কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের উত্তর চরাইকান্দি এলাকায় একাধিক মাদক মামলার আসামি ও মাদক কারবারি জহিরুল ইসলাম জোক্কাকে আটক করে মাদারীপুর র্যাব-৮। পরে র্যাবের এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে র্যাব সদস্যরা জহিরুল ইসলাম জোক্কাকে নিয়ে অন্য মাদক কাবারিদের গ্রেফতারের জন্য বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন কয়ারিয়া ইউনিয়নের উত্তর চরাইকান্দি এলাকায় গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্য মাদককারবারিরা র্যাবকে লক্ষ্যে করে গুলি ছোড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি ছোড়লে মাদক কারবারিরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে উত্তর চরাইকান্দির একটি খোলা মাঠে জহিরুল ইসলাম জোক্কার গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। র্যাব লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠায়। নিহত মাদক কারবারি জহিরুল ইসলাম জোক্কার বিরুদ্ধে মাদারীপুরের কালকিনি ও বরিশালের গৌরনদী থানায় মাদক কারবারিসহ একাধিক মামলা রয়েছে।
তিনি কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মাঝেরকাঝিকান্দি গ্রামের সোবাহান খানের ছেলে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো: মোফাজ্জেল হোসেন বলেন, র্যাবের কাছ থেকে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহতের খবর পেয়ে কালকিনি থানা পুলিশ জহিরুলের লাশ উদ্ধার করে। গতকাল মঙ্গলবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।