ঢাকার দোহারে পশ্চিম নুরপুর এলাকায় হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা:) নুরানি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মাদরাসার ছয় কক্ষবিশিষ্ট একটি টিনশেড ঘর পুড়ে গেছে। এতে মাদরাসা কক্ষের বেঞ্চ ও আসবাবপত্রসহ ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে জানা গেছে। বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।
জানা যায়, গত বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা দোহার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেন। সংবাদ পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার নিরন্তর চেষ্টায় ও স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে মাদরাসার ছয় কক্ষবিশিষ্ট ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দোহার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও রেসকিউ স্টেশনের সিনিয়র অফিসার আব্দুল মান্নান প্রাথমিকভাবে আগুন লাগার কোনো কারণ খুঁজে পাননি বলে জানান। তবে মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা এমদাদুল ইসলাম দুর্বৃত্তের দেয়া আগুনে মাদরাসাটি পুড়িয়ে দেয়া হয়েছে বলে দাবি করেন। তিনি আরো জানান, মাদরাসাটিতে শতাধিক শিক্ষার্থী পড়াশুনা করছে। বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। দোহার থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।