কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত বাসে নার্স শাহিনূর আক্তার তানিয়ার ধর্ষক ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে পাকুন্দিয়ায় মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বুধবার সকাল ১১টার দিকে পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদোগে উপজেলা পরিষদ গেইটের সামনে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আধা ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ শেষে নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে। পরে উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোকলেছুর রহমান ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ ছাত্রদেরকে শান্ত করলে তারা অবরোধ তুলে নেয়।

প্রসঙ্গত, গত সোমবার রাতে ঢাকা থেকে কিশোরগঞ্জের পিরিজপুর রুটে চলাচলকারী স্বর্ণলতা বাসে যাত্রী নার্স শাহিনূর আক্তার তানিয়াকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে ঘটনায় জড়িত ওই বাসের চালক ও হেলপারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত তানিয়া কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের বাহেরচর গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। তিনি ঢাকার ইবনে সিনা হাসপাতালের কল্যাণপুর ক্যাম্পাসে সেবিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা থেকে কটিয়াদী ও বাজিতপুরের পিরিজপুর হয়ে নিজ বাড়ি ফিরছিলেন।