মুন্সীগঞ্জের গজারিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশের অদূরে মেঘনা নদীতে গতকাল সকাল ৯টায় ব্যবসায়ীদের পণ্যবোঝাই একটি ইঞ্জিন নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকাটিতে তার আড়াই কোটি টাকার পণ্য ছিল বলে জানা গেছে।
পুলিশ, ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ঢাকার সদরঘাট এলাকা থেকে শতাধিক ব্যবসায়ীর পণ্য নিয়ে ইঞ্জিন নৌকাটি চাঁদপুরের মতলব উত্তরে যাওয়ার পথে উত্তাল মেঘনা পাড়ি দেয়ার সময় অতিরিক্ত মালভর্তি ইঞ্জিন নৌকাটি ঢেউয়ের তোড়ে ডুবে যায়।

নৌ-পুলিশের গজারিয়া কেন্দ্রের ইনচার্জ মো: আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ডুবে যাওয়া ট্রলার ও কিছু পণ্য উদ্ধার করা গেছে।
মতলব উত্তর থানার গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: ছানাউল্লাহ মিয়া জানান, আসন্ন ঈদ মওসুমের জন্য ব্যবসায়ীরা তাদের ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য পর্যাপ্ত পণ্য সংগ্রহ করতে গিয়ে পরিবহনের সময় লোকসানের মুখে পড়লেন।
আরেক ব্যবসায়ী কবির হোসেন জানান, এ ঘটনায় আমাদের ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়।