ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মো: মোস্তফা (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত মোস্তফা মাদক কারবারি। তিনি উপজেলার ঝাটিয়া ইউনিয়নের থুলিয়াটি গ্রামের মৃত আব্দুল সালাম ভূঁইয়ার ছেলে। গত রোববার দিবাগত রাত পৌনে ১টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে পুলিশের এস আই মো: মোবারক হোসেন ও কনস্টেবল লাল মিয়া আহত হয়েছেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আহমেদ কবীর হোসেন জানান, মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাতে হারুয়া বাজারের দক্ষিণ পাশে অভিযানে যায় জেলা গোয়েন্দা পুলিশ ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে মাদক কারবারিরা পালিয়ে যায়। এ সময় তল্লাশি করে মোস্তফা নামের এক মাদক কারবারিরাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।
ঘটনাস্থল থেকে ২০০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। বন্দুকযুদ্ধে পুুলিশ ৫ রাউন্ড শর্টগানের গুলি বর্ষণ করে। নিহত মোস্তফার নামে ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।



