ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার কুষ্টিয়া ব্রিজের কাছে গতকাল বিকেলে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। ট্রাকের সহকারী প্রাণে রক্ষা পেলেও সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হতভাগ্য চালকের সন্ধান মিলেনি। খাদের গভীর পানিতে নিমজ্জিত ট্রাকটি উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।
পুলিশ জানায়, উপজেলার কলাগাড়িয়ার নিপ্পন রং ফ্যাক্টরি থেকে আরিচার উদ্দেশে আসার পথে ট্রাকটি পাশের গভীর খাদের পানিতে পড়ে যায়। ট্রাকের ক্যাবিনে থাকা রায় (৫০) ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত দুলাল আরিচা ঘাটের একজন ট্রান্সপোর্ট ব্যবসায়ী। ট্রাকের সহকারী রিপন (২৪) সাঁতরে প্রাণে রক্ষা পেলেও চালকের সন্ধান মিলেনি।
এদিকে গত কয়েকদিন আগে উপজেলার টেপড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত পশু ডাক্তার মোজাহার হোসেন (৫২) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান। তার বাড়ি শিবালয় উপজেলার নালী ধুতরাড়ী এলাকায়।