প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, মেগা মেগা প্রকল্পের মধ্য দিয়ে দোহার-নবাবগঞ্জকে আধুনিকীকরণ করা হচ্ছে। যাতে এ দুই উপজেলাসহ পাশের জেলার মানুষের জীবনমান উন্নয়ন হয়। গতকাল বিকেলে দোহার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেক্সিমকোর সহসভাপতি সালমান এফ রহমান বলেন, আপনারা জানেন, জাতীয় নির্বাচনের পর আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার দায়িত্ব দিয়েছিলেন। ফলে তার দেয়া কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকায় আপনাদের মাঝে ঠিক মতো আসতে পারিনি। তবে আপনাদের জীবনমান উন্নয়নের জন্য আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।
সালমান এফ রহমান দোহার-নবাবগঞ্জবাসীকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি ঈদের পর আপনাদের সবাইকে নিয়ে একটি মতবিনিময় সভা করব। এ সময় আমি চেষ্টা করব এলাকা ও আপনাদের ব্যক্তিগত সমস্যার সমাধান করতে। তিনি আরো বলেন, আমি আপনাদের দেয়া ওয়াদা পালন করতে সদা চেষ্টা করে যাচ্ছি। আশা করছি শিগগিরিই দোহার-নবাবগঞ্জ হবে উন্নয়নের রোল মডেল।
দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক আলী আহসান খোকন শিকদারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ, মহাপরিচালক নিবন্ধন খান আব্দুল মান্নান, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু, দোহারের নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, এসিল্যান্ড জ্যোতি বিকাশ চন্দ্র, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক পনিরুজ্জামান তরুণ, দোহার উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারি, আওয়ামী লীগ নেত্রী শেখ আনার কলি পুতুল প্রমুখ।