যমুনায় পানি বৃদ্ধির সাথে সাথে সিরাজগঞ্জের কাজিপুরে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। কাজিপুর সদর ইউনিয়নের সিংড়াবাড়ি সলিড স্পারে ভাঙন দেখা দেয়ায় আতঙ্কে রয়েছে ভাটিতে অবস্থিত গান্ধাইল ইউনিয়নের বাঐখোলা, পাটাগ্রাম ও শুভগাছা ইউনিয়নের জনগণ। ভাঙন এলাকায় গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিন দেখা যায় ভাঙনের ভয়াবহতা। বিয়াড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, হঠাৎ করেই সিংড়াবাড়ি ও তার ভাটিতে কয়েক দিন যাবৎ ব্যাপকভাবে ভাঙন শুরু হয়েছে। গত তিন দিনে সিংড়াবাড়ি সলিড স্পারের ভাটিতে ও উজানে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে স্পারের গোড়ার মাটি প্রায় ১০০ মিটার ধসে গেছে। স্পারের ভাটিতে এবং উজানে আরো বেশি পরিমাণ মাটি সরে যাওয়ায় স্পারটি যেকোনো সময় ধসে যেতে পারে।
স্থানীয় লোকজন জানান, গত বছর এভাবেই স্পারে ভাঙন দেখা দিলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে প্রায় ১০ হাজার বালু বোঝাই জিও ব্যাগ ড্যাম্পিং করায় ভাঙন সাময়িকভাবে বন্ধ হয়েছিল। স্থানীয় লোকজনের অভিযোগ, এবার স্পারে এত বড় ক্ষতি হলেও পানি উন্নয়ন বোর্ডের লোকজন ভাঙন রোধে কার্যকরী কোনো ব্যবস্থা নেননি। পূর্ব খুকশিয়া গ্রামের আবুল কালাম জানান, গত ৩০ বছরে একাধিকবার যমুনার ভাঙনের কারণে অবশেষে স্পারের ভাটিতে মাথা গুঁজে পড়ে আছি। এ জায়গা ভেঙে গেলে কোথায় গিয়ে দাঁড়াব। পাটাগ্রাম, খুকশিয়ার ভুট্ট, শাহিন, চানমিয়াসহ অনেকেই এই দুশ্চিন্তায় নির্ঘুম রাত যাপন করছেন।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মো: শফিকুল ইসলাম জানান, ভাঙন ঠেকাতে টেন্ডার প্রক্রিয়া চলছে। তবে এমারজেন্সি হলে সে ক্ষেত্রে ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে তিন-চারটি বাড়ি ভাঙনের কবলে পড়লে স্থানীয় লোকজনের সহযোগিতায় তা সরিয়ে ফেলা হয়েছে। এদিকে স্থানীয় লোকজন ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেছেন।