গত ২৮ মে নয়া দিগন্ত পত্রিকার অনলাইনে ‘বালিয়াকান্দিতে বাঁশের বেড়ায় এক সপ্তাহ ধরে গৃহবন্দী একটি পরিবার’ শিরোনামে সংবাদ প্রকাশের পর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে বাঁশের বেড়া গুঁড়িয়ে দিয়েছে। একই সাথে উভয়পক্ষের কাছ থেকে মুচলেকা নিয়েছে।
গতকাল দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ মো: সজীব, বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ওবায়েদুল হক, এসআই নুর মোহাম্মদ, এসআই হাবিবুর রহমান, বালিয়াকান্দি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রাজীবুল ইসলামসহ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। তারা সরেজমিন দেখে বাঁশের অবৈধ বেড়া উচ্ছেদ করাসহ উভয়পক্ষের কাছ থেকে মুচলেকা গ্রহণ করে যে কেউ ভবিষ্যতে এ ধরনের বেড়া দেবে না।
জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে বালিয়াকান্দি ইউনিয়নের বাহিরচর গ্রামের উপেন বিশ্বাসের ছেলে কালিপদ বিশ্বাসের বসতবাড়ির সামনের প্রবেশপথ গত বুধবার সকালে বাহিরচর গ্রামের সুবল ঘোষের ছেলে খোকন ঘোষ (৪০), দ্বিজেন ঘোষ (৪৫), দ্বিজেন ঘোষের ছেলে দেবশীষ ঘোষ (২৫), বীরেন ঘোষের ছেলে পারি ঘোষ (২০) সহ লোকজন এসে বাঁশ দিয়ে আটকে দেয়। এতে বাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধ হয়ে গেছে। পরিবারের ছয় সদস্যের মধ্যে দুইজন স্কুলে পড়ে। তারাও বের হতে পারছে না। পরিবারপরিজন নিয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন পার করছিল।
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ওবায়েদুল হক বলেন, পত্রিকায় সংবাদটি দেখে উপজেলা প্রশাসনসহ সরেজমিন বাঁশের বেড়া উচ্ছেদ করাসহ উভয়পক্ষের মুচলেকা গ্রহণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুম রেজা বলেন, বিষয়টি আমার নজরে আসার সাথে সাথে থানার ওসির সাথে আলোচনা করে দ্রুত বাঁশের বেড়া অপসারণের উদ্যোগ গ্রহণ করি। এতে উভয়পক্ষই যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে তার জন্য সবাইকে বলা হয়েছে।