সিএনজি অটোরিক্সায় পাওয়া ৬ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন যাত্রীকে ফিরিয়ে সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন আবুল মনছুর নামের এক চালক। রোববার বিকালে ফেনী মডেল থানায় আনুষ্ঠানিকভাবে যাত্রীর নিকট হারানো স্বর্ণালংকার বুঝিয়ে দেয়া হয়।

পুলিশ সূত্র জানায়, রোববার দুপুরে ফেনী রেলওয়ে স্টেশন থেকে মহিপাল যাওয়ার জন্য সিএনজি অটোরিক্সা ভাড়া করেন ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামে কৃষ্ণ ভৌমিকের স্ত্রী মনিকা দেবীনাথ (৩২) ও বাপ্পী দেবনাথ। তারা অসাবধানতা বশত গাড়ীতে ব্যাগের মধ্যে থাকা ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৬ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন রেখে চলে যায়। পরে বিষয়টি তারা পুলিশ কন্ট্রোল রুমে অবহিত করেন। সিএনজি চালক তাদের মোবাইল ফোনে চার্জ না থাকায় চার্জ দিয়ে তাদের জিনিসগুলো তার কাছে রয়েছে বলে ফোন করে জানায়।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলামের মাধ্যমে বিকালে তাদের নিকট হস্তান্তর করেন। চালক আবুল মনছুর ছাগলনাইয়া পৌরসভার উত্তর সতের গ্রামের আবদুল কাদেরের ছেলে।