আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন দেশে উন্নয়ন হয়। আর বিএনপি ক্ষমতায় আসলে দেশে লুটপাট হয়। তাদের আমলে নদী ভাঙ্গনরোধে টাকা আসলেও কাজ হয়নি।

তিনি বলেন, ভোলার নদীভাঙ্গন রোধে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি পাশ হলে ভোলা স্থায়ীভাবে নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পাবে। মেঘনার পাড়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে।

সোমবার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে অসহায়দের মাঝে পবিত্র ঈদুল ফিতরের নতুন শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তোফায়ের আহমেদ।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। পৃথিবীর বুকে বাঙালী জাতি হিসাবে আজ আমরা মাথা উঁচু করে দাড়িয়ে আছি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে।
গ্রামে গ্রামে এখন আর অভাব নেই উল্লেখ করে তিনি বলেন, সরকারে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জেলেদের জন্য চাউল বরাদ্দসহ বিভিন্ন কার্যক্রমের ফলে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেছে।
আওয়ামী লীগের এ সিনিয়র নেতা বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণে বিদেশি অর্থায়নের জন্য বিভিন্ন দেশকে পত্র দেয়া হয়েছে। অর্থ সংগ্রহ হলেই স্বপ্নের এই সেতুর কাজ শুরু হবে। এটি হলে অল্প সময়ের মধ্যেই মানুষ সড়ক পথে বরিশাল হয়ে ঢাকা যেতে পারবে।

অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ বক্তব্য দেন।

ভোলা-১ আসনের ১৩টি ইউনিয়নে ও পৌরসভার ৮টি ওয়ার্ডে তার পক্ষ থেকে অসহায়, দরিদ্র মানুষের মধ্যে প্রায় ৫০ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরন করেন তোফায়েল আহমেদ।