কুড়িগ্রামে প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। দেখা দিয়েছে ঘরে ঘরে ডায়রিয়া ও ভাইরাসজনিত জ্বরের প্রকোপ। প্রতিদিনই এসব রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি হচ্ছে শত শত রোগী। অস্বাভাবিক গরমে নেই কোথাও স্বস্তি।
রাজারহাট উপজেলা আবহাওয়া অফিস জানায়, বুধবার সকালে তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে দুপুর গড়িয়ে গিয়ে দিনের তাপমাত্রা ক্রমেই বাড়তে থাকে। রাত-দুপুর পর্যন্ত প্রচণ্ড গরম অনুভূত হয়। এতে খেটে খাওয়া ও সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে। বিশেষ করে শ্রমজীবী মানুষ, শিশু ও বৃদ্ধরা পড়েছে বিপাকে। তারাই এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছে। অন্য দিকে বিদ্যুতের লো-ভোল্টেজের কারণে অফিস-আদালতগুলোতে এসিও ঠিকমতো কাজ করছে না বলে জানা গেছে।
আবহাওয়া অফিস জানায়, গত তিন দিনের মধ্যে বুধবার দুপুরে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়।
জেলা সদর হাসপাতালের আবাসিক ডাক্তার শিপন আহমেদ জানান, প্রচণ্ড রোদ ও গরমে এখানে অনেক মানুষই জ্বর, পেটের পীড়া, সর্দি, কাশি, ডায়রিয়া ও অন্যান্য গরমজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে। তিনি সবাইকে সুস্থ থাকতে এ গরমে বার বার খাবার স্যালাইন খাওয়া এবং লেবুর শরবত পান করাসহ অপেক্ষাকৃত শীতল জায়গায় থাকার পরামর্শ দেন।