কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া এ এস মাদরাসা সড়কে দুই মাস আগে একটি কালভার্ট নির্মাণের জন্য সড়কটি খুঁড়ে ফেলে রেখে গেছেন ঠিকাদার। এতে করে মাদরাসাগামী শত শত শিক্ষার্থী ও হাজার হাজার পথচারীর দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর প্রায় ১১ লাখ টাকা ব্যয়ে কালভার্টটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে। মেসার্স জাহাঙ্গীর আলম সিকদার কনস্ট্রাকশন ফার্ম এ নির্মাণকাজ বাস্তবায়ন করছে। ঠিকাদারি প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জালাল আহমদ সিকদার চেয়ারম্যান জানান, এলজিইডি কর্তৃপক্ষ যে কালভার্টটির ডিজাইন করেছে স্থানীয়দের মতে তা অত্যন্ত ছোট এবং তা দিয়ে বর্ষা মওসুমে সঠিক সময়ে পানি নিষ্কাশন সম্ভব হবে না। ফলে লোকলয়ে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। বিষয়টি এলজিইডি কর্তৃপক্ষকে জানানোর পর তারা সরেজমিনে তদন্ত করে ডিজাইন পরিবর্তন ও বাজেট নির্ধারণের প্রক্রিয়া শেষ করে পুনরায় কাজ শুরু করতে বর্ষা মওসুম চলে আসে। ফলে কাজ শুরু করা সম্ভব হয়নি।’ এতে স্থানীয় পথচারীদের কিছুটা দুর্ভোগ হচ্ছে বলে স্বীকার করেন তিনি। তবে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ইঞ্জিনিয়ারের নির্দেশে পথচারীদের সুবিধার্থে তিনি পর্যাপ্ত ‘বিকল্প রাস্তা’ তৈরি করে দিয়েছেন বলে জানান।
এ বিষয়ে স্থানীয় অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু জানান, উজানটিয়া ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে মাদরাসা সড়ক। ঠিকাদারের উচিত ছিল রাস্তা খোঁড়ার আগে পথচারী ও শিক্ষার্থীদের চলাচলের জন্য পর্যাপ্ত বিকল্প রাস্তা তৈরি করে দেয়া। কিন্তু তা না করেই রাস্তায় খাল কেটে দিয়ে ঠিকাদার দীর্ঘদিন হাওয়া হয়ে যান। যার ফলে বর্ষার বৃষ্টি শুরু হতেই জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
এ বিষয়ে পেকুয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রকৌশলী জাহেদুল আলম জানান, জনগণের সুবিধার্থেই কালভার্টটির নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে। উন্নয়ন কাজের সময় স্থানীয়দের সাময়িক অসুবিধা সবসময় হয়। তারা সার্বক্ষণিক লক্ষ রাখছেন, এলাকাবাসীকে দুর্ভোগের মধ্যে না ফেলে সঠিক সময়ে যাতে কাজটি বাস্তবায়িত হয়। তবে বর্ষা মওসুম হওয়ায় কাজটি শেষ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে।
এ বিষয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল করিম বলেন, ‘স্থানীয়দের দুর্ভোগের খবর পেয়ে আমি সাথে সাথে ঠিকাদারকে পর্যাপ্ত বিকল্প রাস্তা তৈরির নির্দেশ দিয়েছি। ইতোমধ্যে ঠিকাদার তা-ই করেছেন। এখন আর পথচারীদের দুর্ভোগ থাকার কথা নয় বলে জানান তিনি।’
পেকুয়ায় সড়ক খুঁড়ে রাখায় বর্ষায় জনদুর্ভোগ চরমে
কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া এ এস মাদরাসা সড়কে দুই মাস আগে একটি কালভার্ট নির্মাণের জন্য সড়কটি খুঁড়ে ফেলে রেখে গেছেন ঠিকাদার। এতে করে মাদরাসাগামী শত...



