কামারখন্দসহ সংশ্লিষ্ট সব উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য দৃঢ় ও কর্যকর পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন সিপিবির নেতৃবৃন্দ।
গতকাল নির্বাচন কমিশনের সচিব মো: আলমগীরের সাথে সিপিবির সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও কোষাধ্যক্ষ মাহাবুবুল আলম দেখা করে এ আহ্বান জানান।এ সময় নেতৃবৃন্দ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল্লাহ সবুজ ও তার সমর্থকদের ওপর নির্বাচনের শুরু থেকে এখন পর্যন্ত নানা ধরনের হয়রানি ও হামলার চিত্র তুলে ধরেন। নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের সচিবকে জানান, স্থানীয় পর্যায় থেকে অভিযোগ এসেছে যে, ঢাকা থেকে গিয়ে কোন কোন ব্যক্তি ও স্থানীয় প্রশাসনের কেউ কেউ নির্বাচনকে প্রভাবিত করা, ভোট কেন্দ্রে প্রার্থীদের যেতে নিরুৎসাহিত করা, ‘ভোট কেন্দ্রে যেয়ে লাভ নেইÑ ভোট আগেই হয়ে যাবে’Ñ এমন ধরনের নানা প্রচার করছে, যা ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেয়াকে নিরুৎসাহিত করছে। উপরন্তু যা ‘ভুয়া ভোট’ ও ‘ফলাফল ঘোষণার ভোট’কেই উৎসাহিত করবে। নেতৃবৃন্দ নির্বাচন কমিশনকে দৃঢ় ভূমিকা নিতে সব ভোটারের উপস্থিতিতে ভোটাধিকার নিশ্চিত করা, বেআইনি প্রভাব বিস্তারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং দেয়া ভোট অনুযায়ী ফলাফল ঘোষণার বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।