সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের অভায়শ্রমে স্থানীয় মৎস্যজীবীরা সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে মা মাছ ধরছে। অথচ উপজেলা মৎস্য অফিস বিষয়টির কোনো খোঁজই রাখছে না। স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে সরেজমিন গিয়ে দেখা যায়, অভয়াশ্রমের পাশে নৌকাতে মাছ ধরার সাফা জাল বাধা। সেখানকার স্থানীয় এক কৃষক আব্দুর রশিদ জানান, স্থানীয় জেলেরা এহান থেইকা মাছ ধরছে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, প্রায় ১৭ একর জমির এই জলাশয়ের ৫০ শতাংশ অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। মনসুরনগর ইউপি আব্দুর রাজ্জাক রাজমহর জানান, এই জলাশয়ের সরকারি কোনো ভিত্তি নেই। তবে কেন এর বিপরীতে জেলেদের জন্য সরকারি চাল বরাদ্দ নেয়া হলো এমন প্রশ্নের তিনি কোনো উত্তর দিতে পারেননি। কাজিপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, এ সময়ে মা মাছ ধরা নিষেধ। তবে ওখানকার মাছ ধরার বিষয়ে কোনো অভিযোগ পাইনি।



