গাজীপুরের শ্রীপুরে শুক্রবার মাদক ব্যবসায়ী ও ডাকাতদলের সাথে বন্দুক যুদ্ধে তালিকাভুক্ত সন্ত্রাসী এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাব-১’র দুই সদস্যও আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে গুলিভর্তি বিদেশী পিস্তল ও বিপুল সংখ্যক ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়েছে। নিহতের নাম নিহত মো. বাবুল মিয়া ওরফে বাবুল ডাকাত (৩৫)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের মো. আফছার উদ্দিনের ছেলে।

র‌্যাব-১’র সহকারি পরিচালক মোঃ কামরুজ্জামান (এএসপি) জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডুমবাড়িচালা এলাকায় কিছু সংখ্যক ডাকাত ও মাদক ব্যবসায়িরা শুক্রবার ভোর রাতে অবস্থান করছে। এ খবর পেয়ে র‌্যাব-১-এর একটি টহলদল ঘটনাস্থলে অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত ও মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে। উভয়পক্ষের গুলি চলাকালে বাবুল গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। এক পর্যায়ে অন্য ডাকাত ও মাদক ব্যবসায়ীরা পিছু হটে পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় বাবুলকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় র‌্যাব-১-এর কনস্টেবল মো. জিকরুল ও মো. কামরুল আহত হয়েছেন। আহতদের শ্রীপুর ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ময়না তদন্তের জন্য নিহতের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

র‌্যাব-১’র ওই কর্মকর্তা আরো জানান, ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী পিস্তল এবং প্রায় ৫ হাজারের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় অস্ত্র, মাদক ও পুলিশ এসল্ট’র তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাবুল তালিকাভুক্ত এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় খুন, ধর্ষণ, অস্ত্র, ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে ২৪ টি মামলা রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

তবে নিহতের বাবা জানান, দাঁতের চিকিৎসার জন্য বৃহষ্পতিবার ঢাকার খিলক্ষেত এলাকার একটি হাসপাতালে যায় বাবুল। সেখান থেকে দুপুরে র‌্যাব সদস্যরা তাকে আটক করে। বাবুলের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।