ইয়াবাসহ মাদক বিক্রেতা ইউপি সদস্য রায়হান হোসেন বেপারি ও তার সহযোগী ওমর ফারুক রাকিবকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের পর রোববার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইউপি সদস্য রায়হান জেলার গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের নাঠৈ গ্রামের আব্দুল হক বেপারির ছেলে এবং চাঁদশী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য।
গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ শনিবার দক্ষিণ নাঠৈ গ্রামের ছালাম খলিফার বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ১০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা রায়হান হোসেন বেপারি ও ১১ পিস ইয়াবাসহ তার সহযোগী ওমর ফারুক রাকিবকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানার এসআই আবুল বাশার মোল্লা বাদি হয়ে আটক দুইজনসহ চারজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।



