রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জানে আলম হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার সকালে লংগদু উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃতুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী একছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তিনি মঙ্গলবার রাতে মাইনীতে তার নিজ বাসায় অসুস্থ বোধ করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সকালে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশ দলীয় কার্যালয়ে ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে রাখা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমাসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ তাকে শেষ বারের মতো দেখে বিদায় জানায়।
পরে উপজেলা পরিষদ মাঠে প্রথম জানাজা ও মাইনী বাজার মাঠে দ্বিতীয় জানাজা শেষে মাইনী কবরস্থানে দাফন করা হয়।
লংগদু উপজেলার তৃণমূল রাজনৈতিক কর্মী, দক্ষ ও আদর্শবান নেতা হিসাবে তিনি সুপরিচিত ছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক জানিয়েছেন।



