সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সারী-গোয়াইনঘাট সড়কের বারকীপুর বেইলি ব্রিজ ভেঙে গতকাল সিমেন্ট বোঝাই একটি ট্রাক খাদে পড়ে যায়। এরপর থেকে ওই সড়ক দিয়ে উপজেলা সদরে সব প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে সিলেট শহর থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৪২৮৫) গোয়াইনঘাট উপজেলা সদরের উদ্দেশে রওনা দেয়। ট্রাকটি সিলেট-তামাবিল মহাসড়ক পার হয়ে সারী-গোয়াইনঘাট সড়কের বারকীপুর গ্রামসংলগ্ন জরাজীর্ণ বেইলি ব্রিজে ওঠামাত্রই ব্রিজটি ভেঙে পড়ে যায়। এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎকুমার পাল বলেন, সারী-গোয়াইনঘাট সড়কের বারকীপুরে বেইলি ব্রিজ ভেঙে যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি সিলেট সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি বলেন, সামনে সংশ্লিষ্ট ইউনিয়নের উপনির্বাচন। তাই যত দ্রুত সম্ভব বেইলি ব্রিজটি মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করে তুলতে কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। স্থানীয়রা জানান, এক সময় সিলেট শহর থেকে গোয়াইনঘাট উপজেলা সদরে যাতায়াতের ক্ষেত্রে একমাত্র রাস্তা হিসেবে সারী-গোয়াইনঘাট সড়কটিই ব্যবহৃত হতো। বর্তমানেও সিলেট-তামাবিল মহাসড়ক থেকে সারীঘাট হয়ে ওই সড়ক ধরে গোয়াইনঘাট উপজেলা সদরে প্রতিদিন যাত্রী ও মালবাহী বিভিন্ন ধরনের শত শত যানবাহন চলাচল করে। কিন্তু বারকীপুরের ওই বেইলি ব্রিজটি দীর্ঘ দিন থেকেই ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল। গত বছরও এই ব্রিজটিতেই সিমেন্ট বোঝাই অপর আরেকটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। এরপর কর্তৃপক্ষ জোড়াতালি দিয়ে দায়সারাভাবে ব্রিজটি মেরামত করার কারণে বছর না ঘুরতেই আবারো একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।