লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মধ্য করপাড়া গ্রামের কন্ট্রাকটর বাড়ীর আবুল হোসেনের ঘর থেকে বুধবার সন্ধ্যায় র‌্যাবের একটি দল উগ্রবাদী সন্দেহে প্রবাসী সালাউদ্দিন মিলনের স্ত্রী আলেয়া বেগম স্বর্ণাকে (২৪) আটক করেছে। এ সময় র‌্যাব সদস্যরা বসতঘর তল্লাশী চালিয়ে বেশ কিছু বই, স্বর্ণা আক্তারের ব্যবহৃত মোবাইল ও মেমোরিকার্ড নিয়ে যায়। আটককৃত আলেয়া বেগম স্বর্ণা এক সন্তানের জননী।

আটককৃত গৃহবধূর শ্বশুর আবুল হোসেন বলেন, সন্ধ্যায় ৬টার দিকে র‌্যাবের ৪/৫ টি গাড়ী বাড়ির সামনে উপস্থিত হয়ে আমার সৌদী প্রবাসী পুত্র সালাউদ্দিন মিলনের স্ত্রী আলেয়া বেগম স্বর্ণাকে আমাদের বসতঘরের দরজা থেকে আটক করে। এসময় র‌্যাবের কয়েকজন সদস্য আমার পূত্রবধূকে কিছু মোবাইল নম্বরের ব্যাপারে প্রশ্ন করেন। পরে আর আমাদের সামনে কোনো কথা বলেননি।

তিনি আরো জানান, পুত্রবধূ স্বর্ণা বসতঘরের বাহিরে তেমন একটা যেতো না। উগ্রবাদী বা অন্য কোন সমাজ কিংবা দেশদ্রোহী কাজে তার জড়িত থাকার সম্ভাবনা কম।

এ বিষয়ে মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর এস আই মোঃ এমদাদুল হক এমদাদ বলেন, র‌্যাব চট্টগ্রামে এক নারীকে গ্রেফতার করার পর ফেসবুকে ওই নারীর সাথে যোগাযোগ রয়েছে সন্দেহে গৃহবধূ আলেয়া বেগম স্বর্ণাকে আটক করা হয়েছে।