কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রতনপুর গ্রামে বাবু (২২) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বেলা ২টার দিকে পুলিশ বোল্লাপাড়া এলাকার জিঞ্জিরাম নদী থেকে তার লাশ উদ্ধার করে। দুর্বৃত্তরা সোমবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করে লাশ গুম করতে নদীতে ফেলে দেয় বলে ধারণা করছে পুলিশ।
রৌমারী থানার ওসি আবু মো: দিলওয়ার হাসান ইনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত বাবু রতনপুর গ্রামের মৃত সুরুজ্জামানের ছেলে। সে মাদক কারবারি ছিল। ধারণা করা হচ্ছে মাদক কারবারের বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘাতকরা তাকে নৃশংসভাবে হত্যা করে লাশ বিকৃত করে নদীতে ফেলে দেয়। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নত স্পষ্ট। তার লিঙ্গও কর্তন করে ঘাতকরা। এ ব্যাপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছিল বলে তিনি জানান। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।