বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মানুষ। বিঘœ ঘটছে ছাত্রছাত্রীদের পড়ালেখায়।
পৌর এলাকা থেকে শুরু করে গ্রামাঞ্চলে দিন রাত চলছে বিদ্যুতের লোডশেডিং। গত কয়েক দিন ধরে সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ১০-১২ বার লোডশেডিং করা হচ্ছে। মাঝে মধ্যে বিদ্যুৎ এলেও দুই-এক মিনিট পর আবার চলে যায়। এভাবেই চলছে পাঁচবিবি পল্লী বিদ্যুতের গ্রাহকসেবা।
লোডশেডিংয়ের কারণে জরুরি কাজে যেমন কর্ম বিঘœ ঘটছে তেমনি অতিরিক্ত গরমে নারী, শিশু, বৃদ্ধসহ সব মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিকল হচ্ছে ইলেকট্রনিকস ও মেশিনারিজ জিনিসপত্র। ক্ষতিগ্রস্ত হচ্ছেন পোলট্রি শিল্প মালিকেরা।
জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি পাঁচবিবি জোনাল অফিসের ডিজিএম গোবিন্দ চন্দ্র দাস জানান, উপজেলায় বিদ্যুতের চাহিদা ১৫ মেগাওয়াট যার সবটাই পাচ্ছি। পৌরসভায় লোডশেডিং নেই। ঝড় বৃষ্টিতে বিভিন্ন ফিডারে গাছ পড়ার কারণে লাইন বন্ধ হয়ে যাচ্ছে। বিদ্যুতের আর কোনো সমস্যা হবে না বলে তিনি জানান।