চট্টগ্রামে সাতকানিয়ার ওপর দিয়ে সম্প্রতি বয়ে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির আলহাজ শাহজাহান চৌধুরী। তিনি গত বুধবার সারাদিন উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রাণসামগ্রী বিতরণ কালে এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা ডা: আবদুল জলিল, হাফেজ মোজাফ্ফর আহমদ, আবদুল মালেক, মোয়াজ্জেম হোসেন, মো: মহসিন, ব্যবসায়ী আবদুল আজিজ, আবদুল আলম, মো: আবছার, মাস্টার জয়নায় আবেদীন, মেম্বার মো: আইয়ুব প্রমুখ।
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা চরতি, আমিলাইশ, নলুয়া, কালিয়াইশ, ঢেমশা, পশ্চিম ঢেমশা, ছদাহা, কেঁওচিয়া, বাজালিয়া ও পুরানগড় ইউনিয়নের ২৭টি ওয়ার্ডে ৮ শত পরিবারের মধ্যে চাল ও বিস্কিট বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি বলেন, সাতকানিয়ার ওপর দিয়ে বয়ে যাওয়া এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় উপজেলার কয়েক হাজার পরিবার চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যর্থে এগিয়ে আসার জন্য সরকার ও সমাজের সর্বস্তরের বিত্তশালীদের প্রতি আহ্বান জানান।