সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নতুন মেঘাই নামক স্থানে বন্যানিয়ন্ত্রণ রিং বাঁধ ধসে গেছে। এতে নতুন মেঘাই মেঘাই ও পাইকরতলী গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে। বুক সমান পানিতে তলিয়ে গেছে মেঘাই দাখিল মাদরাসা মেঘাই বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কওমি মাদরাসা। তলিয়ে গেছে কাজিপুর থানায় ঢোকার রাস্তা। গত মঙ্গলবার রাত ১০টায় উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব সরকারের বাড়ির পাশের রিং বাঁধে হঠাৎ করেই ধস নামে। এতে করে কাজিপুর থানায় যাওয়ার পাকা রাস্তা পানিতে তলিয়ে গেছে। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, রাত ১০টায় হঠাৎ করেই ওই বাঁধে ধস নামে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ওই বাঁধের পরেও আরেকটি বন্যানিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। পানি লেভেল হলে ধসে যাওয়া স্থানে জিওব্যাগ ফেলা হবে।
জগন্নাথপুরে বন্যায় ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
জগন্নাথপুর উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ২ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ইয়াসির আরাফাত জানান, বন্যার পানি প্রবেশ করায় এবং যাতায়াত সমস্যার কারণে সোমবার থেকে ৪৫টি প্রাথমিক বিদ্যালয়, ৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি মাদরাসা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও পুরো উপজেলায় ১০টি বন্যা আশ্রয়কেন্দ্র খোলা রাখা হয়েছে।