সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নতুন মেঘাই নামক স্থানে বন্যানিয়ন্ত্রণ রিং বাঁধ ধসে গেছে। এতে নতুন মেঘাই মেঘাই ও পাইকরতলী গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে। বুক সমান পানিতে তলিয়ে গেছে মেঘাই দাখিল মাদরাসা মেঘাই বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কওমি মাদরাসা। তলিয়ে গেছে কাজিপুর থানায় ঢোকার রাস্তা।
গত মঙ্গলবার রাত ১০টায় উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব সরকারের বাড়ির পাশের রিং বাঁধে হঠাৎ করেই ধস নামে। এতে করে কাজিপুর থানায় যাওয়ার পাকা রাস্তা পানিতে তলিয়ে গেছে। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, রাত ১০টায় হঠাৎ করেই ওই বাঁধে ধস নামে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ওই বাঁধের পরেও আরেকটি বন্যানিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। পানি লেভেল হলে ধসে যাওয়া স্থানে জিওব্যাগ ফেলা হবে।