ফেনী শহরের মিজান রোড থেকে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আট নেতাকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, মডেল থানার ওসি মো: আলমগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মিজান রোডের ফজল মাস্টার লেনে বিশেষ অভিযান চালায়। এ সময় জেলা বিএনপির প্রচার সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি গাজী হাবিব উল্লাহ মানিক, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সদর উপজেলা আহ্বায়ক আতিকুর রহমান মামুন, দাগনভূঞা উপজেলা সভাপতি হাসানুজ্জামান শাহাদাত, ফেনী পৌর সমন্বয়ক জাহিদ হোসেন বাবলু, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শরীফুল ইসলাম, কাজী আবুল হাসান সোহাগকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার গাজী মানিককে পাঁচ মামলা, জসিমকে সাত মামলা, জুয়েলকে চার মামলা, মামুনকে সাত মামলা, বাবলুকে আট মামলা, শাহাদাতকে পাঁচ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। অপর গ্রেফতারকৃতদের একাধিক মামলা বিচারাধীন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে।

বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের গ্রেফতারে নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মির্জা ফখরুল এক বিবৃতিতে চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দেয়ার প্রস্তুতিকালে ফেনীতে গ্রেফতার হওয়া বিএনপির প্রচার সম্পাদক গাজী হাবিব উল্লাহ মানিকসহ নেতাকর্মীদের মুক্তি দাবি করেছেন। একই সাথে নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ, নিন্দা ও প্রতিবাদ জানান।