বগুড়ার শিবগঞ্জে বাল্য বিয়ের অভিযোগে দুটি মাইক্রোবাস, বর, ভগ্নিপতি, ভাবীসহ ১৭ জন বরযাত্রী আটক করেছে পুলিশ।

জানা যায়, গত সোমবার গভীর রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক গোপিনাথপুর গ্রামের মোকলেছার রহমানের ছেলে মো: রিপন (২০), তার ভগ্নিপতি মফিজুল ইসলাম ও মিরাজুল ইসলাম, ভাবী রোজিয়া বেগম, পার্শ্ববর্তী হুদাবালা মন্ডলপাড়া গ্রামের আকালু প্রামানিকের সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী (১৩) সাথে বাল্য বিয়ের অনুষ্ঠান চলছিল। খবর পেয়ে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) ছানোয়ার হোসেন ঘটনাস্থলে যান। এ সময় বিয়ে অনুষ্ঠান থেকে দুটি মাইক্রোবাস, বর, ভাবী ও ভগ্নিপতিসহ ১৭ জন বরযাত্রীকে আটক করা হয়।

আটকৃতরা হলেন গোপিনাথপুর গ্রামের আব্দুর রশিদ এর ছেলে মফিজুল ইসলাম, ইউসুফ আলীর ছেলে ফজলু মিয়া, মোস্তফা, দিদার আলীর ছেলে গোলাপ মোস্তফা, মোকলেছার এর ছেলে গাজীউল ইসলাম, ইদ্রিস আলীর ছেলে মিষ্টার, সামাদ এর ছেলে এমদাদুল হক, আরজুল্লার ছেলে আল-আমিন, ইসবর আলীর ছেলে আসিদুল, সাঈদ এর ছেলে বায়জিদ, খায়রুলের ছেলে শহিদুল ইসলাম, জাহাঙ্গীরের ছেলে শাহ আলম, মোকলেছারের ছেলে ফজলার রহমান, জনাব আলীর ছেলে চাঁন মিয়া, মোস্তাফিজার রহমানের ছেলে মিনাজুল ইসলাম।

পরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো: আলমগীর কবীর মঙ্গলবার মেয়ের বাড়ি হুদাবালা গ্রামে ভ্রাম্যমান আদালত বসিয়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রত্যেকের ১ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেন।