নোয়াখালীর সেনবাগ উপজেলায় ভুল সিজার অপারেশনে বিবি কুলছুম (১৯) নামে এক প্রসূতি ও তার নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িত থাকায় দু’জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়। এরআগে বুধবার দিবাগত রাতে সেনবাগ বাজারের দি নিউ সেন্ট্রাল হাসপাতালে সিজারের সময় প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়। নিহতরা হচ্ছেন- উপজেলার ডমুরুয়া ইউনিয়নের হোমনাবাদ-শ্রীপুর গ্রামের আব্দুল আমিন রিপনের স্ত্রী ও তার সদ্য জন্ম নেয়া নবজাতক।
আটককৃতরা হচ্ছেন- হাসপাতালের মালিক হারুন অর রশিদ ও ওয়ার্ডবয় আমিরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দেড় বছর পূর্বে আব্দুল আমিন রিপনের সাথে বিয়ে হয় বিবি কুলছুমের। বুধবার বিকেলে প্রসব ব্যাথা উঠলে পরিবারের লোকজন তাকে সেনবাগ বাজারের দি নিউ সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করে। গর্ভবতীকে রাত ১০টার দিকে ওই হাসপাতালে অপারেশন করা হয়।
নিহতের স্বজনদের অভিযোগ, কোন অভিজ্ঞ চিকিৎসক না থাকায় ওয়ার্ডবয় ও নার্সদের নিয়ে মালিকপক্ষের লোকজনই কুলছুমের অপারেশন করেন। পরে কুলছুমের অবস্থার অবনতি হলে তারা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নেয়ার পথে ফেনীতে প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়।
সেনবাগ থানার ওসি মিজানুর রহমান জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে হাসপাতালে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। নিহতের লাশের ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।



