চট্টগ্রামের সাতকানিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আহতের নাম মোহাম্মদ পারভেজ (২৫)। সে উপজেলা ছাত্রলীগের একাংশের সাবেক সহসভাপতি। তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার রাত ৯টায় উপজেলার কেরানীহাট মা ও শিশু জেনারেল হাসপাতালের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে (২৯) গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ। এ দিকে ছাত্রলীগ নেতা আমিনুল ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে রাত ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তার কর্মী-সমর্থকরা। এতে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকলে মহাসড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কেরানীহাট এলাকায় ছাত্রলীগের তিনটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার রাত ৮টায় কেরানীহাট নিউ মার্কেটের দোতলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। এ হামলার জের ধরে ঘটনার দিন রাত ১১টায় সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের একাংশের সাবেক সহসভাপতি মোহাম্মদ পারভেজের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় পারভেজের মা জান্নাতুল ফেরদৌস আমিনুল ইসলামের বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ দিকে গত শুক্রবার রাত সাড়ে ৯টায় প্রতিপক্ষের ছাত্রলীগ নেতা পারভেজ কেরানীহাট মা ও শিশু জেনারেল হাসপাতালের সামনে সহপাঠীদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আমিনুল ইসলামের নেতৃত্বে ১৪-১৫ জনের একটি দল লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে পারভেজের ওপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় হামলা থেকে বাঁচতে ছাত্রলীগ নেতা পারভেজ কেরানীহাট মা ও শিশু জেনারেল হাসপাতালে আশ্রয় নিলে সেখানেও হামলা ও ভাঙচুর চালায় তারা। পরে খবর পেয়ে পুলিশ কেঁওচিয়া এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা আমিনুল ইসলামকে গ্রেফতার করে।
এ দিকে আমিনুল ইসলামকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে রাত ১১টায় তার অনুসারীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে মিছিল করতে থাকে। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও কেরানীহাট-বান্দরবান সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় পুলিশ কেরানীহাটের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে নাজিম উদ্দিন (২৩), আবদুর রাজ্জাক (২১) ও রাশেদুল ইসলাম (২২) নামে তিনজনকে আটক করে।
এ দিকে আহত ছাত্রলীগ নেতা পারভেজের মা জানান, আমার বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় আমি থানায় অভিযোগ করেছিলাম। এ অভিযোগের জের ধরেই তারা আমার ছেলে পারভেজকে কুপিয়ে হত্যা করতে চেয়েছে।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। ছাত্রলীগ নেতা আমিন ও তার লোকজন প্রতিপক্ষের পারভেজ নামে একজনকে কুপিয়ে আহত করেছেন। এ ঘটনায় আমিনুল ইসলামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। আমিনুল লোহাগাড়ার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি তৌকিরুল ইসলাম ত্বকী হত্যার এক নম্বর আসামি। তার বিরুদ্ধে প্রতিপক্ষ লোকজনের ওপর হামলা ও আহত করার ঘটনায় বেশ কিছু অভিযোগ ও মামলা রয়েছে।