ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া বাজার থেকে ৩৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। যার বাজারমূল্য প্রায় ৬ কোটি ৬০ লাখ টাকা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জয়পাড়া বাজারের পাঁচটি দোকান থেকে ওই কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার জয়পাড়া বাজারে বিপুল পরিমাণ অবৈধ করেন্ট জাল বিক্রির উদ্দেশ্যে আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের লেফটেন্যান্ট স্টেশন কমান্ডার আসিফ, দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র এবং দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান খানের যৌথ অভিযানে এ কারেন্ট জাল জব্দ করা হয়। একটি দোকানের মালিককে কারেন্ট জাল বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বাকি চারটি দোকানের মালিক দোকান ফেলে পালিয়ে যায়। স্টেশন কমান্ডার আসিফ বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে।