জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আমরা এসেছি বন্যাদুর্গত এলাকা পারিদর্শনের জন্য এবং আমাদের কিছু ত্রাণ কার্য চলছে এগুলো দেখার জন্য। বন্যাদুর্গত এলাকায় জনগণের দুঃখ, দুর্দশা লাঘবে সরকার কী পদক্ষেপ নিয়েছে বিরোধীদলীয় নেতা হিসেবে সেগুলো আমরা দেখার জন্য এসেছি।
এ সময় ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা শহরের মানুষ ডেঙ্গু আতঙ্কে আছে। অল্পতেই ভয় পেয়ে যাচ্ছে, মশা দেখলেই ভয় পাচ্ছে। এই ধরনের আতঙ্কের কারণ হলো জ্বর হলে ডেঙ্গ হচ্ছে, ডেঙ্গু হলে মানুষ মারা যাচ্ছে। এই আতঙ্ক থেকে মানুষকে রক্ষা করার দায়িত্ব ছিল সরকারের। আমরা আশা করব সামনের দিনে এই সমস্যার সমাধান হবে।
জাতীয় পার্টিতে কোনো দ্বন্দ্ব আছে কি না এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টিতে প্রতিযোগিতা থাকতে পারে তবে কোনো দ্বন্দ্ব নেই।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের গতকাল দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী কলেজ মাঠে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব মো: মশিউর রহমান রাঙ্গা এমপি, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল এমপি, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মেজর (অব:) আশরাফুদ্দৌলা তাজ, যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান ও জেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।