শিবালয় উপজেলার নালীর গোয়ালবাড়ী গ্রাম থেকে রোববার শামীম হোসেন (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শামীম গাইবান্ধার সদর উপজেলার সরকার বাড়ী এলাকার আনিসুলের পুত্র।

জানা গেছে, উপজেলার আরুয়ার নালী গোয়ালবাড়ী গ্রামে জনৈক আমীরুদ্দিনের বাড়িতে ত্রিতল ভবনের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ নেয় শামীম। কাজে গাফলতির অভিযোগে আমীরুলের ভগ্নিপতি মতিউর গত শুক্রবার শামীমকে বেদম প্রহার করলে সে অসুস্থ্য হয়ে পড়ে। কোন চিকিৎসা ছাড়াই রোববার সকালে শামীম মারা যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

শামীমকে প্রহারের বিষয়টি পুলিশ স্বীকার করলেও ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।