আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে অবস্থান করেও দেশের প্রাকৃতিক দুর্যোগ বন্যা ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সার্বিক নির্দেশনা দিয়েছেন। ডেঙ্গু নির্মূলে সবার সহযোগিতা কামনা করে আওয়ামী লীগসহ ১৪ দলের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিৎসক, শিক্ষকসহ সব পেশাজীবী ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছেন। যার যার অবস্থান থেকে জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছেন। পবিত্র ঈদের ছুটিতে ডেঙ্গু গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ার আশঙ্কা করে মোহাম্মদ নাসিম বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। ছুটিকালীন ঢাকার বাইরে জেলা উপজেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা হবে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
গতকাল কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বন্যা ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীর সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডা: মো: জাহিদুল ইসলাম, পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফোরকান শিকদার, কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, শাপলা খাতুন, ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম, উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ক্ষয়ক্ষতি নিরুপণ করে পুনর্বাসন কার্যক্রম শুরু করার আহ্বান জানান।