সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে অতি দরিদ্রদের জন্যে বরাদ্দকৃত চাল বিক্রি করে পালিয়ে বেড়াচ্ছেন এক ইউপি সদস্য। অন্য দিকে চাল সংগ্রহের টোকেনধারী লোকজনকে না পেয়ে ৭৭ বস্তা চাল জব্দ করা হয়েছে।
রোববার কাজিপুরের বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়। শুভগাছা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদের লোকজনের মধ্যে বিতরণের জন্য ৯০টি টোকেনের চাল উত্তোলন করেন। কিন্তু সারা দিনে তিনি ১৫টি টোকেনের চাল বিতরণ করে অবশিষ্ট টোকেন বিক্রি করে দেন। খবর পেয়ে কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম শাহ আলম মোল্লা বিকেলে শুভগাছা ইউনিয়ন পরিষদে হাজির হন। ঘটনার সত্যতা পেয়ে তিনি ১২ বস্তা চাল জব্দ করে উপজেলায় নিয়ে আসেন। এ সময় আব্দুল কাদের গা ঢাকা দেন। ওই ইউনিয়নের অন্য ইউপি সদস্যদের নামে বরাদ্দকৃত আরো ২৩ বস্তা চালও এ সময় তিনি জব্দ করে সেখানেই রেখে আসেন। এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি।
এদিকে চরগিরিশ ইউনিয়নের জন্য বরাদ্দকৃত চাল বিতরণের শেষ সময়েও টোকেনধারী লোকজন না আসায় সেখান থেকে ৬৫ বস্তা চাল রাতে জব্দ করে নিয়ে আসা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই ইউনিয়নের এক ইউপি সদস্য জানান, ওই চালগুলোর টোকেনও কালোবাজারে বিক্রির চেষ্টা চলছিল।
কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, ওই ইউপি সদস্য (আব্দুল কাদের) পালিয়েছেন। তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। চরগিরিশ ইউনিয়নের চালগুলো আনা হয়েছে। সেগুলো পরে দুস্থদের মাঝে বিতরণ করা হবে।