ঢাকার নবাবগঞ্জে নুরুল হক (৭৫) নামে এক বৃদ্ধকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ করেছেন তার স্ত্রী রাজিয়া বেগম। এ ঘটনায় মেজো ছেলে সিরাজ, ছোট মেয়ের জামাতা রওশন ও নাতি ইব্রাহীমকে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার দুপুরে নিহতের ঘর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। লাশের গলায় দাগ ছিল বলে পুলিশ নিশ্চিত করেছেন। নিহত নুরুল হক শিকারীপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত সুখাই বাবুর্চির ছেলে ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত পরশু বড় মেয়ে নূরজাহানের বাড়িতে বেড়াতে যান নুরুল হকের স্ত্রী রাজিয়া বেগম। ঘরে বৃদ্ধ নুরুল হক একাই ছিলেন। গত মঙ্গলবার সকাল ৯টার দিকে বড় ছেলে সামছুল বৃদ্ধ বাবাকে নাশতা খাওয়ান। পরে বিছানায় শুইয়ে রেখে অটো চালাতে যান। সকাল সাড়ে ৯টার দিকে মেঝো ছেলে সিরাজের মেয়ে বৃষ্টি নুরুল হককে খাটের নিচে মাটিতে পড়ে থাকতে দেখেন। তার ডাকাডাকিতে বাড়ির সবাই এগিয়ে আসে। এ সময় নুরুল হককে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের স্ত্রী রাজিয়া বেগম অভিযোগ করে জানান, নুরুল হকের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। তার ১০ পাকির বেশি জমি আছে। সম্প্রতি মেজো ছেলে সিরাজ, ছেলের স্ত্রী আক্তারী বেগম ও নাতি ইব্রাহীম সম্পত্তি লিখে দিতে চাপ দিয়ে আসছিল। তারাই তার স্বামীকে হত্যা করেছে।
পরিদর্শক মো: নাসির উদ্দিন আরো জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।



