কক্সবাজারের পেকুয়ায় রাস্তার মাঝখানে থাকা সেই বিদ্যুতের খুঁটিটি অবশেষে সরিয়ে নিয়েছে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ। গত মঙ্গলবার পল্লীবিদ্যুতের কর্মীরা সেটি সরিয়ে রাস্তার পাশেই স্থাপন করেছে।
জানা যায়, গত ৪ আগস্ট দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় ‘পেকুয়ায় রাস্তার মাঝখানে এক যুগ ধরে পল্লীবিদ্যুতের খুঁটি!’ শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়। এর পরই বিষয়টি নজরে আসে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের। সংবাদের বক্তব্যে পল্লীবিদ্যুতের ডিজিএম মোছাদ্দেকুর রহমান ঈদের পরে খুঁটিটি সরানোর কথা জানালেও ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে ঈদের আগেই সেটি সরানোর ব্যবস্থা করেন। জানা যায়, দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ফাঁসিয়াখালী বুধামাঝিরঘোনা এলাকার চলাচলের একমাত্র রাস্তার ঠিক মাঝখানে পল্লীবিদ্যুতের খুঁটিটি দাঁড়িয়ে থাকলেও কখনো সেটি সরানোর উদ্যোগ নেয়া হয়নি। স্থানীয়রা জানান, দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় সংবাদ প্রকাশের দুই দিনের মধ্যেই রাস্তার মাঝখান থেকে সরিয়ে নেয় পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ।
এ বিষয়ে পেকুয়া পল্লীবিদ্যুতের ইনচার্জ পূর্ণেন্দু মজুমদার জানান, ‘উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাস্তার মাঝখানে থাকা পল্লীবিদ্যুতের ওই খুঁটিটি সরানো হয়েছে। আশা করি এখন পথচারী ও যান চলাচলে আর দুর্ভোগ হবে না।’