ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রদল থেকে নির্বাচিত ছাগলনাইয়া সরকারি কলেজের সাবেক ভিপি এবং মাসিক হায়দার পত্রিকার সম্পাদক জিয়া হায়দার স্বপন (৪৮)পবিত্র হজ্ব পালনরত অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শনিবার রাতে আরাফাত ময়দান থেকে মুজদালিফায় যাওয়ার পথে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।
ছাত্রজীবন থেকে অত্যান্ত ধার্মিক মানুষ হিসেবে পরিচিত ভিপি স্বপন কর্মজীবনে নিজের ব্যবসার পাশাপাশি বাংলাদেশ থেকে মক্কা-মদিনায় হজ্ব ও ওমরায় হাজীদের যাওয়া আসার ক্ষেত্রে সহযোগী হিসেবে কাজ করতেন । একজন সৎ ও নিষ্ঠাবান সাংবাদিক হিসেবে ছাগলনাইয়ায় তার বেশ সুনাম রয়েছে ।
সাদাসিধে জীবন-যাপনে অভ্যস্ত জিয়া হায়দার স্বপনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে খবরটি ভাইরাল হয়েছে । তার আকস্মিক মৃত্যুতে বন্ধু, স্বজন ও সাংবাদিকদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। ভিপি স্বপন পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া গ্রামে ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন ।



