ঈদের ছুটি শেষে কর্মমুখো হাজারো মানুষ শিবালয়ের আরিচা ও পাটুরিয়া ঘাট হয়ে বিভিন্ন পরিবহনে রাজধানী ঢাকা ফিরতে শুরু করেছে। এ সুবাদে পরিবহন সেক্টরের অসাধু কিছু মালিক-শ্রমিক যাত্রীদের জিম্মি করে আদায় করছে অতিরিক্ত অর্থ। এতে অনেকটাই অসহায় হয়ে পড়েছে এ রুটের সাধারণ যাত্রীরা।
পরিবহন শ্রমিকদের এ বাড়তি ভাড়া আদায় রোধে মাঠে নেমেছে শিবালয় উপজেলা প্রশাসন। গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ঢাকামুখী নীলাচল, সেলফি, হিমাচল, শুভযাত্রা, লাক্সারিসহ পাঁচটি পরিবহনকে ৪৪ হাজার টাকা অর্থদণ্ড ও এক পরিবহন চালককে সাত দিনের কারাদণ্ড প্রদান করেন। এ সময় প্রতিটি পরিবহনে নির্ধারিত হারে ভাড়া আদায়ের জন্য নির্দেশ প্রদান করা হয়। শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান আদালত পরিচালনায় সহায়তা করেন।



