বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর চরে ফুটবল খেলার সময় বল নদীতে গেলে তুলতে গিয়ে পানিতে ডুবে সহোদর দুই ভাই ওমর আলী (১৫) ও জাহিদ হাসান (১২) নিখোঁজ হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কাজলা ইউনিয়নের পাকুরিয়া চরে এ ঘটনা ঘটে। দুই ভাই বগুড়া উপশহর এলাকার শাহিন স্কুলের শিক্ষার্থী ও বগুড়া শহরতলি আটাপাড়ার পল্লীচিকিৎসক আতিকুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ওমর ও জাহিদের প্রতিবেশী চাচা মাসুদ জানান, শুক্রবার সকালে বগুড়া থেকে দু’টি সিএনজি-চালিত অটোরিকশা নিয়ে ১১ জন সারিয়াকান্দিতে যমুনা নদী দেখতে বেড়াতে আসে। দুপুর ১২টায় কালিতলা ঘাট থেকে নৌকাযোগে কাজলা ইউনিয়নের পাকুরিয়া চরে যায়। সেখানে ফুটবল খেলার সময় ফুটবলটি নদীতে পড়ে যায়। ফুটবলটি আনতে গিয়ে গভীর পানিতে ডুবে ওমর ও মাসুদ নিখোঁজ হয়। দুই ভাইয়ের কেউই সাঁতার জানতো না। এ ব্যাপারে স্থানীয় ফায়ারসার্ভিস অফিসের স্টেশন অফিসার আল আমিন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা করা হচ্ছে। রাজশাহী থেকে ফায়ারসার্ভিসের ডুবুরি দল রওনা হয়েছে।
সারিয়াকান্দি থানার এসআই সুব্রত রাত সাড়ে ৮টায় জানান, দুপুর ১২টায় কালিতলা ঘাট থেকে নৌকাযোগে কাজলা ইউনিয়নের পাকুরিয়া চরে যায়। সেখানে ফুটবল খেলার সময় ফুটবলটি যমুনা নদীতে পড়ে যায়। এ সময় ওই দু’জন ফুটবল আনতে গিয়ে ডুবে যায়। এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।



