নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গণচুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি আটজন রোগীর মোবাইল, টাকা, জামাকাপড় ও ব্যাগসহ প্রায় অর্ধলাখ টাকার মাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন রোগীরা।
হাসপাতালে ভর্তি রোগী ইসমাইল হোসেন জানান, তিনি ঘুম থেকে জেগে দেখেন তার গায়ের জামা নেই। পকেটে ছিল পাঁচ হাজার টাকা। মইজদীপুরের কহিনুর বেগমের একটি মোবাইল ফোন ও বোরকা, খাজুরিয়া গ্রামের নুর নবীর একটি মোবাইল ও আড়াই হাজার টাকা, ইয়াছিনের একটি মোবাইল, জিহাদ হোসেনের একটি মোবাইল, জামাকাপড়সহ ব্যাগ নাজিনগর গ্রামের ছাদিয়া বেগমের ৫০০ টাকা ও জামা কাপড়সহ ব্যাগ, সাতবাড়িয়া গ্রামের ফরিদা ইয়াসমিন সিমার একটি মোবাইল, এক হাজার টাকা ও জামাকাপড়সহ ব্যাগ, মগুয়া গ্রামের রুবেলের ৩৫০ টাকাসহ মানিব্যাগ চুরি হয়েছে। খবর পেয়ে মেডিক্যাল অফিসার ডা: রফিকুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মতিউর রহমান ঘটনাস্থলে এসে বিষয়টি নিয়ে রোগীদের সাথে কথা বলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মতিউর রহমান জানান, আমাদের এখানে নৈশপ্রহরী নেই। তবে ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত লোকজন এ ঘটনা ঘটাতে পারে। আমরা থানাকে বিষয়টি অবগত করেছি।